চ্যাং ব্যাং
নূতন বউ, হাঁড়ি ঢাক, শেয়াল পণ্ডিত ডাকে,—
চিঁ চিঁ চিঁ কিচিরমিচির ঝুলির ভিতর থাকে।
পড়ুয়াদের পড়ায় কোথায় কাঁপে শটির বন,
সাতটি ছেলে কুমির দিল করে সমর্পণ?
তাল গাছেতে ড্যাড্যাং ড্যাড্যাং কোথায় হল-বাঃ!
কেমন করে হজম হল সাত কুমিরের ছা!
টিকি নাড়ে বুড়ো বামুন, খেতে গেল পিটে,
খ্যাংরা দিয়ে বামনি কোথায় মিঠে দিল পিঠে?
রাগে বামুন গেল কোথায়, এল কবে আর?
কেমন করে হল রে বার রাজকন্যার হার!
কাঠুরে-বউ ব্রত নিয়ম কেমন শশা খেল?
কোল-জোড়া ধন মানিক রতন কেমন ছেলে পেল?
ব্যাং ঘ্যাংঘ্যাং কামার বুড়ো কাঁপে থরথর-
রাজকন্যা চোখ-বিন্ধুলীর কেমন এল বর!
কোথায় এত থলের ভিতর চিঁচিঁ মিঁচিঁ রব?-
‘চ্যাং-ব্যাং’-এর বাসার মাঝে লুকিয়ে ছিল সব!
* * *
